রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোরের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতা–কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার শেরপাড়া মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান নাটোর সদর থানার লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি নাটোর সদর থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান প্রায় দুই মাস ধরে পুঠিয়ার শেরপাড়া মহল্লায় একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পর ২০ থেকে ৩০ জন মিলে তাঁকে ধাওয়া দেন এবং মারধর শুরু করেন।
হামলা থেকে বাঁচতে হাবিবুর রহমান দৌড়ে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরে সেখান থেকে লাফিয়ে পাশের একটি দোকানের ছাদে উঠে পড়েন। বিএনপির নেতা–কর্মীরা ছাদ থেকে তাঁকে আটক করে পুনরায় মারধরের চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। পরে খবর পেয়ে পুঠিয়া থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।
এদিকে আবদুর রশিদ মন্ডল রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা এবং পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর। ঘটনার পর এলাকায় ‘বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার’—এমন আলোচনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডল বলেন, হাবিবুর রহমান যে ওই মহল্লায় ভাড়া থাকতেন, তা তাঁর জানা ছিল না। কয়েক দিন ধরে বাড়ির সামনের একটি চায়ের দোকানে তাঁকে আসতে দেখা যেত। বৃহস্পতিবার রাতেও তিনি সেখানে এলে পরিচয় শনাক্ত হওয়ার পর স্থানীয় নেতা–কর্মীরা তাঁকে ধাওয়া দেন এবং তিনি দৌড়ে বাড়িতে ঢুকে পড়েন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদুন নবী জানান, দুই মাস ধরে এলাকায় আত্মগোপনে থাকা হাবিবুর রহমান হামলার মুখে পড়ে আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকে লাফিয়ে দোকানের ছাদে যান।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, হাবিবুর রহমানকে আটক করার পর নাটোর সদর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাবিবুর রহমান সন্ত্রাস দমন আইনের মামলার আসামি। পুঠিয়া থানা–পুলিশের কাছ থেকে বুঝে নেওয়ার পর আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।







