চাঁদাবাজি, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থার মুখে পড়া সিরাজগঞ্জ বিএনপির দুই নেতা আবারও দলীয় পদ ফিরে পেয়েছেন। মুচলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন এবং কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর দলীয় সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে জেলা বিএনপি।
শুক্রবার (২০ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই নেতা আগেই মুচলেকা দিয়েছিলেন এবং জেলা বিএনপির সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে স্থগিতাদেশ প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি পেতে হবে, তবে অভিযুক্তরা মুচলেকা দেওয়ায় জেলা বিএনপি তাদের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছে। সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠে তৃণমূল পর্যায়ের ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা বিএনপির এক নেতাকে মারধর ও চাঁদাবাজির মামলার কারণে তাঁর দলীয় সব পদ স্থগিত করা হয়েছিল। মুচলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি ভবিষ্যতে সাংগঠনিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে না জড়ানো এবং তাঁর ভাইদের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে তাঁর পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, হাজী মিজানুর রহমান বাবলুর স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠিতে বলা হয়, কাজিপুর উপজেলায় একটি বালুমহাল নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষ এবং তাঁর ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর দলীয় পদ স্থগিত করা হয়েছিল। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার শর্তে তাঁর দলীয় সব পদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।
এর আগে, গত ২৬ জুলাই আজাদ হোসেনকে দলীয় শৃঙ্খলাভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধর এবং চাঁদাবাজির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি। জবাব সন্তোষজনক না হওয়ায় ৮ আগস্ট তাঁর দলীয় সব পদ স্থগিত করা হয়। এর আগে ২৭ জুলাই মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হলেও পরদিন আদালত জামিন মঞ্জুর করেন।
এদিকে, গত ২৫ জুলাই বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে হাজী মিজানুর রহমান বাবলুকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও তাঁর ছেলে সুমনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আগেও তাঁর পদ স্থগিত ও পরে শর্তসাপেক্ষে ফেরত দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে নতুন অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয় এবং তাঁর ছেলের সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।
সবশেষে মুচলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে নিয়মবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে জেলা বিএনপি এই দুই নেতার দলীয় পদে ফেরার সুযোগ করে দিয়েছে।







