কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসতে চায়। কোনো রাজনৈতিক দলের রাজনীতিতে ফেরার আকাঙ্ক্ষা অস্বাভাবিক নয়। তবে আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। দীর্ঘ স্বৈরশাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থার অবক্ষয়, বিরোধী মত দমনে গুম-খুন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় নির্বিচার হত্যাকাণ্ডের অভিযোগ দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনকে জটিল করে তুলেছে। ফলে রাজনীতিতে ফিরতে হলে দলটির সামনে বেশ কিছু কঠিন শর্ত রয়েছে।
এসব শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অতীতের অপকর্ম ও মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচার এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করা। এরপর জনগণ জানতে চাইবে, এসব ঘটনার জন্য আওয়ামী লীগ অনুতপ্ত কি না, তারা ক্ষমা চাইবে নাকি অন্তত নিজেদের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করবে। দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রশ্নে এসব বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতি কেবল একটি সরকারের পতন ছিল না; বরং তা ছিল নিপীড়নমূলক ও কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিবাদ।
বাংলাদেশের রাজনীতিতে ভুল বা অপকর্মের জন্য ক্ষমা চাওয়ার দৃষ্টান্ত খুব বেশি নেই। আওয়ামী লীগও সেই পথে হাঁটবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে কখনো ক্ষমা চায়নি। তবে দলটিকে রাজনীতিতে ফিরতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এবং এর জন্য বড় মূল্যও দিতে হয়েছে। সেই ইতিহাসের দায় এখনো দলটিকে বহন করতে হচ্ছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের আড়াই বছর পার হওয়ার আগেই ক্ষমতাচ্যুত ও ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ সামনে এনে আওয়ামী লীগ আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ লক্ষ্য অর্জনে দলটি সহিংসতাকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের কৌশল হিসেবে বেছে নিয়েছে বলে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে প্রতীয়মান হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই কৌশলের পরিণতি কী হবে?
মানুষের প্রাণহানি ও সম্পদ ধ্বংসের মধ্য দিয়ে যেকোনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা সম্ভব। বাংলাদেশেও সাম্প্রতিক সহিংসতার মাধ্যমে এমন একটি পরিস্থিতি সৃষ্টিতে আওয়ামী লীগ অনেকটা সফল হয়েছে বলে মনে হচ্ছে।
পিরোজপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক পরিবহনশ্রমিক। ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের হাতে খুন হয়েছেন কৃষক দলের এক নেতা। নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত হয়েছেন দলটির আরও দুই নেতা। গোপালগঞ্জে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে সংসদ সদস্য ও বিএনপি নেতাদের বাড়ি, থানা এবং হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গাছ কেটে সড়ক অবরোধের মাধ্যমে জেলাটিকে দেশের অন্যান্য অঞ্চল থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলার ঘটনাও ঘটেছে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে যানবাহন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, সরকারি স্থাপনায় হামলাসহ সামনে সহিংসতার মাত্রা আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে সরকারের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কীভাবে এই অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা হবে।
সরকারের বর্তমান অবস্থান ও সরকারি দলের নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, পরিস্থিতি মোকাবিলায় সরকার কিছুটা সময় নেওয়ার কৌশল অনুসরণ করছে। বিশেষ করে গোপালগঞ্জে কঠোর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে সরকার এখনো সতর্ক। যদিও গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানের কথা জানিয়ে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের শক্তি গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছেন। পরদিন লালমনিরহাটে এক বক্তব্যে অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সহিংস গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হলে অনেক সময় বল প্রয়োগের প্রয়োজন হয়। এতে পাল্টা সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে। আওয়ামী লীগ সম্ভবত এমন পরিস্থিতিই তৈরি করতে চাইছে। তাদের সাম্প্রতিক সহিংসতায় ইতোমধ্যে চারজনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে আওয়ামী লীগ সরকার যে দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছিল, তা এখনো মানুষের স্মৃতিতে তাজা। জনগণ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই ভূমিকায় দেখতে চায় না। বিএনপি সরকারও সম্ভবত এ বাস্তবতা বিবেচনায় নিয়ে সংযমের নীতি অনুসরণ করছে।
তবে আওয়ামী লীগের সহিংসতার প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে দলটির সাবেক মন্ত্রী, নেতা ও সমর্থকদের বাড়িঘর কিংবা পরিত্যক্ত স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও উদ্বেগজনক। এসব ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ, পাল্টা হামলা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড আওয়ামী লীগের সহিংসতার কৌশলকে আরও উসকে দিতে পারে। একই সঙ্গে সরকারের প্রশ্রয় বা নীরব সমর্থনে এমন ঘটনা ঘটলে সহিংসতা নির্দিষ্ট অঞ্চল ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।
নড়াইলে বিএনপির দুই নেতা হত্যার ঘটনার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের ২০ থেকে ৩০টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সরকারি দলের নেতা-কর্মীদের এমন প্রতিশোধমূলক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এখানে একটি বিষয় মনে রাখা জরুরি—কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পরিকল্পিত নাশকতা এবং সরকারের সমর্থন বা প্রশ্রয়ে সংঘটিত পাল্টা সহিংসতা এক বিষয় নয়। উভয় ক্ষেত্রেই অপরাধ সংঘটিত হলেও জনগণের কাছে রাষ্ট্রের দায়িত্ব ও রাজনৈতিক দলের ভূমিকার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
জনগণ রাষ্ট্রের কাছে নিরাপত্তা, সহিংসতা দমন ও অপরাধের প্রতিকার প্রত্যাশা করে। রাজনৈতিক দলের নেতা-কর্মীদের প্রতিশোধমূলক হামলা নয়। তাই সরকারকে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বর্তমান সহিংসতা যাতে নির্দিষ্ট অঞ্চল ছাড়িয়ে দেশের অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে, তা নিশ্চিত করাই হবে সরকারের বিচক্ষণতার পরিচয়।
আওয়ামী লীগ ইতোমধ্যে সহিংস পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছে। দলটি যে এর মাত্রা আরও বাড়ানোর চেষ্টা করবে, তা উড়িয়ে দেওয়া যায় না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক শক্তি বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। সেই ঘাটতি সহিংসতার মাধ্যমে পূরণের চেষ্টা করছে দলটি—এমন আশঙ্কাও রয়েছে।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সহিংসতা ও নাশকতার এই কৌশল আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দেবে, নাকি তাদের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন করে তুলবে?
রাজনৈতিক সহিংসতা নিয়ে জার্মান-আমেরিকান রাষ্ট্রচিন্তাবিদ হান্না আরেন্টের একটি বহুল আলোচিত পর্যবেক্ষণ রয়েছে—‘সহিংসতা ক্ষমতা ধ্বংস করতে পারে, কিন্তু ক্ষমতা সৃষ্টি করতে পারে না।’ তাঁর মতে, ক্ষমতা ও সহিংসতা পরস্পরবিরোধী বিষয়। এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে সহিংসতার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি পুনরুদ্ধারের চেয়ে জনসমর্থন ও গ্রহণযোগ্যতা আরও হারানোর আশঙ্কাই বেশি।
সাম্প্রতিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি অর্জনের চেয়ে প্রতিশোধের রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এমন পরিস্থিতি তৈরি করাই তাদের লক্ষ্য হতে পারে, যাতে সরকার বাধ্য হয়ে কঠোর দমনমূলক পদক্ষেপ নেয় এবং পাল্টাপাল্টি সহিংসতার মধ্য দিয়ে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়ে।
আওয়ামী লীগের এই রাজনৈতিক কৌশল ও সম্ভাব্য ফাঁদ এড়িয়ে দেশে আইনশৃঙ্খলা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখাই এখন বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।







