জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশের সম্ভাব্য স্থলপথ মূল্যায়নের জন্য ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজন জ্যেষ্ঠ নেতা। রোববার (২২ নভেম্বর) ভারতের কয়েকটি গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।
একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি পেট্রাপোলের ইমিগ্রেশন কেন্দ্রসহ সীমান্ত এলাকা ঘুরে দেখে এবং সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে।
তবে অন্য কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নেতারা পেট্রাপোল ও ত্রিপুরার আগরতলা সীমান্ত সফরের পরিকল্পনা করছেন।
সিএনএন-নিউজ ১৮ ও নিউজ ১৮ চ্যানেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে প্রতিনিধিদলটির আগরতলায় ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
এমন জল্পনা-কল্পনার মধ্যেই পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার মন্তব্য করেছেন, ‘অপেক্ষা করুন এবং দেখুন। পেট্রাপোল সীমান্ত দিয়েই হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।’
অন্যদিকে, ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাদের এই সফরের উদ্দেশ্য হলো ভারত-বাংলাদেশ সীমান্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং কোন বাস্তবসম্মত পথে শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় প্রবেশ করতে পারেন, তা খতিয়ে দেখা।







