রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে কাজলা এলাকার বিভিন্ন ছাত্রাবাসে বিরিয়ানি বিতরণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার রাত ৮টা ও পরে রাত ১১টার দিকে একাধিক মেসে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, আগেই জানানো হয়েছিল ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের জন্য দোয়া এবং রাতে খাবারের আয়োজন রয়েছে। খাবারের সঙ্গে ওই প্রার্থীদের ছবি ও ব্যালট নম্বরসহ একটি টোকেনও দেওয়া হয়।
কাজলার জমজম মেসের কয়েকজন শিক্ষার্থী বলেন, মেস মালিক স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনিসহ এলাকার কয়েকজন নেতাকর্মী এ আয়োজনের পেছনে ছিলেন।
এক প্রথম বর্ষের শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, “সকালেই বলা হয় রাতে ছাত্রদলের পক্ষ থেকে খাবার দেওয়া হবে। পরে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে খাবারের প্যাকেট রুমে পৌঁছে দেওয়া হয়, সঙ্গে প্রার্থীদের ছবি ও ব্যালট নম্বর লেখা টোকেন।”
জমজম মেসের ম্যানেজার পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে এক ব্যক্তি বলেন, “বাবা, এসব ছবি-ভিডিও দিও না, পরে ঝামেলা হয়।”
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতি বলেন, “আমরা তো দোয়া চাইতে খাবার দিয়েছি, এতে সমস্যা কোথায়?”
