রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষণ দলের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “আমরা সারাদিন ভোট কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। কোথাও কোনো অসঙ্গতি বা অনিয়ম পাইনি। সার্বিকভাবে ভোটগ্রহণ অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে কিছু কেন্দ্রের ভোটার উপস্থিতি বেশি থাকায় কিছুটা অব্যবস্থাপনা দেখা গেছে।”
প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, “আমাদের পর্যবেক্ষণ দলের কাছে কোনো প্রার্থী সরাসরি অভিযোগ করেননি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অভিযোগের খবর দেখা গেছে, আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি।”
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে গণনা কার্যক্রম চলছে।
