রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার পথে ছুরিকাঘাতে নিহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহত জুবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্বও পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টিউশনিতে যাওয়ার সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে জুবায়েদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
সূত্র জানায়, রাজনৈতিক বিরোধ অথবা পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুরান ঢাকার কয়েকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
