রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারের জন্য ১০ কোটি টাকার ক্ষতিপূরণ ও স্থায়ী চাকরির দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এই লিগ্যাল নোটিশটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়। মঙ্গলবার ডাকযোগে নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন।
নোটিশে বলা হয়েছে, প্রাপ্তির ৩০ দিনের মধ্যে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং কালামের পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২৬ অক্টোবর এমআরটি লাইন-৬–এর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নম্বর ৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড পড়ে যায়। এর মধ্যে একটি পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কালাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি; তার স্ত্রী, দুই শিশু সন্তান এবং শিক্ষার্থী ছোট ভাই রয়েছেন তার উপর নির্ভরশীল।
নোটিশে আরও বলা হয়, মেট্রোরেল কর্তৃপক্ষের চরম গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। স্থাপনা ও সরঞ্জাম সঠিকভাবে তদারক না করায় এবং ত্রুটি শনাক্তে অবহেলার কারণে জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
এছাড়া, ২৭ অক্টোবর মেট্রোরেল কর্তৃপক্ষ নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস দিলেও তা “সামান্য, বাস্তবতা-বিবর্জিত এবং অবমাননাকর” বলে উল্লেখ করা হয় নোটিশে। তাই ৩০ দিনের মধ্যে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে স্থায়ী চাকরি না দিলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
