বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মোরিয়ার্টি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ ঘোষিত রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।—খবর বিবিসি বাংলার।
তিনি বলেন, আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় ছিল, যা স্বাধীনতার পর কোনো দলের জন্য ছিল অভূতপূর্ব। তার মতে, এই সময়ে দলটি সংবিধান ও আইন কাঠামো পরিবর্তন করে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তবে পরিস্থিতি এখন বদলাতে শুরু করেছে এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
মোরিয়ার্টি ধারণা দেন, রায়ে যদি দোষী সাব্যস্ত করা হয়, কিছু সহিংসতা ঘটতে পারে, তবে তা বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা কম।
আওয়ামী লীগ সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, দলটি একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতের রাজনীতিতে নিজেদের ভূমিকা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
যদি হাসিনা খালাস পান, তাহলে বড় ধরনের বিক্ষোভ দেখা দিতে পারে বলে তিনি মনে করেন, কারণ বর্তমানে দেশে ‘প্রতিহিংসাপূর্ণ পরিস্থিতি’ তৈরি হয়েছে।







