আগামীকাল বুধবার বিএনপি–জামায়াত ও এনসিপিসহ ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সকালে সংলাপের প্রথম পর্বে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয় পার্টি।
দুপুর ২টা পরের পর্বে ইসির সঙ্গে সংলাপে অংশ নেবে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার, রোববার, সোমবার ও বুধবার—চার দিনে মোট ৪৮টি দলের সঙ্গে সংলাপ করেছে ইসি। নতুন দুটি দল যুক্ত হওয়ায় বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং আরও তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে।
