১৩ বছর পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ দিল তুরস্ক। উপ-পররাষ্ট্রমন্ত্রী নুহ ইলমাজকে দেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বুধবার প্রকাশিত সরকারি গেজেটে এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
নিয়োগের পর সামাজিকমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে নুহ ইলমাজ বলেন, তুরস্ক ও সিরিয়ার মধ্যে শতাব্দীপ্রাচীন মানবিক ও সাংস্কৃতিক বন্ধন দুই দেশের সম্পর্ককে গভীর করেছে। সেই বন্ধন থেকেই শক্তি নিয়ে তিনি ভবিষ্যতে সুপ্রতিবেশী সম্পর্ককে আরও এগিয়ে নিতে কাজ করবেন। তার ভাষায়, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাই হবে তাদের মূল লক্ষ্য।
ইলমাজ আরও উল্লেখ করেন, সিরিয়ার জনগণের দুঃসময়ে তুরস্ক যেভাবে পাশে দাঁড়িয়েছে, তিনি নিজেই তা প্রত্যক্ষ করেছেন। সামনে দুই দেশের জনগণের কল্যাণ এবং তাদের ভবিষ্যৎ নির্মাণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
সিরিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাকও নতুন এই নিয়োগকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, ইলমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তিনি আগ্রহী।
