ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা দুপুরে কালভার্ট রোড এলাকায় রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে গভীর কোমায় আছেন।
ডিএমপি কমিশনার বলেন, সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র্যাব একযোগে কাজ করছে। মতিঝিল বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলের খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে এবং পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।
ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ঢামেক হাসপাতালে ভিড় করেন জুলাই অভ্যুত্থান আন্দোলনের সংগঠকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাসপাতালের সামনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।







