সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার শ্বাস-প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতাও আগের তুলনায় ভালোভাবে কাজ করা শুরু করেছে।
ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক জানান, সিঙ্গাপুরে নেওয়ার সময় হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় বিমানবন্দর থেকে তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন এবং টানা দুই ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। চিকিৎসার একপর্যায়ে ওসমান হাদি ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেন। এরপর তার শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে আসে।
বর্তমানে তার হৃদপিণ্ড আগের তুলনায় বেশি কার্যকরভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বজনরা। চিকিৎসকরা তার অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।







