গতকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনির দিকে তেড়ে আসতে দেখা যায় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মীকে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে। বক্তৃতা চলাকালীন হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে গত রবিবার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপাচার্যের দপ্তরে আয়োজিত এক আলোচনা সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ এবং ওই সময় পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে বুদ্ধিজীবীদের হত্যা করার বিষয়টি অবান্তর। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সেদিন রাতেই বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল।
পরদিন উপ-উপাচার্য ড. শামীম উদ্দিন খানের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেয় ছাত্রদল। প্রায় আট ঘণ্টা তালাবদ্ধ থাকার পর সোমবার রাত সাড়ে ৮টার দিকে তালা খুলে দেওয়া হয়।
মঙ্গলবার সকালে বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনের কর্মসূচি চলছিল। পরে প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপ-উপাচার্য ড. শামীম উদ্দিন খান উপস্থিত হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ভিপি ইব্রাহিম হোসেন রনির বক্তব্য চলাকালে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার পর ইব্রাহিম হোসেন রনি তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে অভিযোগ করেন, চবির বিজয় দিবসের কর্মসূচিতে ছাত্রদলের পক্ষ থেকে উস্কানি ও হামলার চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।







