লেবাননের দক্ষিণাঞ্চলে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের নির্ধারিত সময়সীমা ২০২৫ সালের শেষ দিকে শেষ হলেও তা বাস্তবায়িত হয়নি। এর ফলে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, মিশর, কাতার ও তুরস্ক যৌথভাবে হিজবুল্লাহকে সতর্ক করে দিয়েছে যে, তারা যদি তাদের অস্ত্র লেবানিজ সশস্ত্র বাহিনীর (LAF) কাছে হস্তান্তর না করে, তবে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করতে পারে। সীমান্ত পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা থেকেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সূত্রগুলো আরও জানায়, এই তিন দেশ মধ্যস্থতাকারী হিসেবে হিজবুল্লাহর ওপর চাপ বাড়াচ্ছে, যাতে লেবানন–ইসরায়েল সীমান্তে আবারও বড় ধরনের সংঘর্ষ এড়ানো যায়। তবে এ পর্যন্ত হিজবুল্লাহর পক্ষ থেকে অস্ত্র সমর্পণ বা নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিশ্লেষকদের মতে, নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পরও অগ্রগতি না হওয়ায় দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, যা পুরো অঞ্চলে নতুন সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।
