শহীদ শরীফ ওসমান হাদির চিন্তা, কর্ম ও সাংস্কৃতিক–রাজনৈতিক অবস্থান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে জাতীয় পর্যায়ের ‘মিম্বার প্রতিযোগিতা ২০২৬ – শহীদ শরীফ ওসমান হাদি: চির উন্নত শির’ আয়োজন করেছে সাংস্কৃতিক ও চিন্তাশীল প্ল্যাটফর্ম মিম্বার। প্রতিযোগিতাটির মোট পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ টাকা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ শরীফ ওসমান হাদির রেখে যাওয়া দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর আত্মত্যাগ, রাজনৈতিক দৃঢ়তা এবং চিন্তাগত সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। আয়োজকদের ভাষায়, এটি কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং শহীদের আত্মত্যাগের সঙ্গে যুক্ত একটি অবস্থান— ‘জান দেবো, জুলাই দেবো না।’
আয়োজকরা বলেন, শরীফ ওসমান হাদি কোনো একক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি একই সঙ্গে কবি, কর্মী, চিন্তক ও একটি সময়ের প্রতিনিধিত্বকারী নাম। তাঁর সাহিত্য, রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক অবস্থান এবং সাংস্কৃতিক লড়াইকে আবেগের বাইরে গিয়ে তথ্য, বিশ্লেষণ ও দায়বদ্ধ পাঠের মাধ্যমে উপস্থাপন করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য।
প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগে রয়েছে কবিতা আবৃত্তি ও ভিজ্যুয়াল উপস্থাপনা। এতে অংশগ্রহণকারীরা কবির একমাত্র কাব্যগ্রন্থ ‘লাভায় লাল শাক পুবের আকাশ’ থেকে কবিতা আবৃত্তি করতে পারবেন। পাশাপাশি কবিকে কেন্দ্র করে বিশেষ ভিজ্যুয়াল উপস্থাপনা বা ভিডিও বক্তব্যও জমা দেওয়া যাবে। আবৃত্তির মান, ভাব, উপস্থাপনা ও ভিজ্যুয়াল ভাষা মূল্যায়নের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচিত হবে।
দ্বিতীয় বিভাগে থাকবে প্রবন্ধ লেখা। এতে শহীদ শরীফ ওসমান হাদির চিন্তা ও কর্ম নিয়ে প্রবন্ধ লিখতে হবে। সম্ভাব্য বিষয় হিসেবে রাষ্ট্রচিন্তা, সংস্কৃতি ও ফ্যাসিবাদী সংস্কৃতি, আধিপত্যবাদ প্রশ্ন, কবি ও কবিতা, পররাষ্ট্রনীতিতে হাদির ভাবনা, শাহবাগ মোকাবিলায় কর্মপন্থা, ইয়েলো জার্নালিজম, জুলাই অভ্যুত্থান, নয়া রাজনীতি, ব্যক্তিগত ও পারিবারিক জীবন এবং ইনকিলাব মঞ্চে তাঁর ভূমিকার মতো বিষয় উল্লেখ করা হয়েছে।
প্রতিযোগিতার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৫ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। নিয়ম অনুযায়ী, একজন প্রতিযোগী একটি মাত্র বিভাগে একটি লেখা বা ভিডিও জমা দিতে পারবেন। নকল বা কপি-পেস্ট লেখা গ্রহণযোগ্য হবে না এবং প্রবন্ধে নিজস্ব বিশ্লেষণের পাশাপাশি তথ্যসূত্র উল্লেখ করা বাধ্যতামূলক। ভিডিও জমার ক্ষেত্রে স্পষ্ট অডিও ও মানসম্মত ভিজ্যুয়াল থাকতে হবে। ফেইক আইডি বা একাধিক সাবমিশন বাতিল বলে গণ্য হবে।
অংশগ্রহণকারীদের লেখা ও ভিডিও মিম্বার ফেসবুক গ্রুপে পোস্ট করার পাশাপাশি [email protected] ইমেইলে পাঠাতে হবে এবং #MinbarHadi26 হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতার মাধ্যমে লেখক, আবৃত্তিশিল্পী ও চিন্তাশীল তরুণদের জন্য একটি দায়িত্বশীল ও গঠনমূলক প্ল্যাটফর্ম তৈরি হবে, যেখানে চিন্তার গভীরতা, গবেষণা ও শিল্পবোধের যথাযথ মূল্যায়ন সম্ভব হবে।







