নিউইয়র্ক সিটির নতুন মেয়র যোহরান মামদানি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই আগের মেয়র এরিক অ্যাডামসের জারি করা নয়টি নির্বাহী আদেশ বাতিল করেছেন। এসব আদেশ অ্যাডামসের বিরুদ্ধে ফেডারেল পর্যায়ে দুর্নীতির অভিযোগ গঠনের পর জারি করা হয়েছিল।
বাতিল হওয়া নির্বাহী আদেশগুলোর মধ্যে ইহুদিবিদ্বেষের সংজ্ঞা সম্প্রসারণ এবং নিউইয়র্ক সিটির বিভিন্ন সংস্থাকে ইসরায়েলকে বয়কট বা বিনিয়োগ প্রত্যাহার থেকে বিরত রাখার বিধান বিশেষভাবে উল্লেখযোগ্য। মেয়র মামদানি বলেন, তার প্রশাসনের জন্য একটি নতুন সূচনা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরিক অ্যাডামসের সময় জারি করা ইহুদিবিদ্বেষ সংক্রান্ত আদেশের মাধ্যমে সংজ্ঞাটি বিস্তৃত করা হয়েছিল, যার ফলে ইসরায়েল সরকারের সমালোচনাকেও ইহুদিবিদ্বেষ হিসেবে ব্যাখ্যা করার সুযোগ তৈরি হয়। সমালোচকদের মতে, এতে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হচ্ছিল। নতুন মেয়রের সিদ্ধান্তে সেই আদেশ বাতিল হলো।
এছাড়া, নিউইয়র্ক সিটির কোনো দপ্তর বা সংস্থাকে ইসরায়েলের বিরুদ্ধে বয়কট (বিডিএস) বা ডাইভেস্টমেন্ট কার্যক্রমে অংশ নেওয়া নিষিদ্ধ করার নির্দেশনাও প্রত্যাহার করা হয়েছে। এর ফলে শহরের নীতিনির্ধারণ ও আর্থিক কর্মকাণ্ডে ইসরায়েলবিরোধী চাপ সৃষ্টির সুযোগ আবার উন্মুক্ত হলো।
মেয়র মামদানির এই সিদ্ধান্ত নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং এটি তার প্রশাসনের নীতিগত অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
