আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদ এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা দিতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার দিবাগত মধ্যরাতে পাঠানো এক বার্তায় সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।
এর আগে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণার ক্ষেত্রে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে জামায়াতে ইসলামী।
রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ উত্থাপন করা হয়। ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মনোনয়নপত্র যাচাইয়ের সময় ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব—এই দুটি বিষয়কে প্রধান বিবেচ্য হিসেবে দেখানো হলেও একই ধরনের ঘটনায় কারও মনোনয়ন বাতিল করা হচ্ছে, আবার কারওটি বৈধ ঘোষণা করা হচ্ছে। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।
