ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার ঘটনায় বিএনপির সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জন বিএনপি সমর্থককে আসামি করা হয়েছে।
মামলার বাদী মঞ্জিল হোসেন স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) এম. এ. হান্নানের নির্বাচনি পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানের পক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ চলাকালে ধানের শীষ প্রতীকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানসহ অন্তত ১৫–২০ জন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে স্থানীয় কালু মেম্বার (৫৫), ইসমাইল (৫০), মো. সোহেল (২৮), মো. রাসেল মিজি (২৭) ও রাইসুল আখন (২২)সহ আরও অজ্ঞাতনামা ১৫–২০ জনকে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খাজুরিয়া এলাকায় সংঘটিত হামলার ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খাজুরিয়া এলাকায় সংঘটিত হামলার ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
