ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলার একটি গ্রামে এক যুবককে তিন বোনের বিয়ের দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক দেখা দিয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, আমরোহা জেলার ধোরিয়া গ্রামের তিন বোন—সরোজ, সাবিত্রী ও সন্তোষ—হিন্দু রীতিনীতি অনুসরণ করে একই ব্যক্তির সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন। তারা হাসানপুর বিধানসভা এলাকার কৃষক রমেশের কন্যা।
জানা গেছে, সম্প্রতি তিন বোন সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি শুরু করেন। অল্প সময়ের মধ্যেই ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাদের অনুসারীর সংখ্যা কয়েক লাখে পৌঁছে যায়।
বিতর্কের সূত্রপাত হয়, যখন তাদের প্রকাশিত একাধিক ভিডিওতে একই যুবকের সঙ্গে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। একটি ভিডিওতে ওই যুবককে তিন কনের কপালে সিঁদুর পরিয়ে দিতে, সাতপাক সম্পন্ন করতে এবং বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিতে দেখা যায়।
প্রথমদিকে অনেকেই ধারণা করেছিলেন, এটি হয়তো দর্শক আকর্ষণের উদ্দেশ্যে তৈরি কোনো সাজানো ভিডিও বা রিল। তবে পরে তিন বোন আরও কয়েকটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, বিয়ের ঘটনাটি বাস্তব।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েকটি হিন্দু সংগঠন এ বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, অনেকেই প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ব্যক্তিগত সিদ্ধান্তের স্বাধীনতার পক্ষে মত প্রকাশ করেছেন।
ভিডিওটি আমরোহার চামুন্ডা মন্দিরে ধারণ করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে দাবি করা হলেও মন্দির কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত তিন বোন, সংশ্লিষ্ট যুবক কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে
