পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ৫০ লাখ টাকাসহ কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে (৪০) আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের সময় কাজল মৃধার কাছে ব্যাগভর্তি বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজল মৃধাকে বিএনপি নেতা হিসেবে দাবি করা হলেও তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অনুযায়ী তিনি স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় পদধারী নেতা।
কোস্টগার্ড সদস্যরা তাকে আটকের পর আইনি প্রক্রিয়া শুরু করেছেন। নির্বাচনের আগের রাতে ভোটকেন্দ্রের পাশ থেকে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে এই টাকা ভোটারদের প্রভাবিত করার জন্য আনা হয়েছিল কি না।
কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, আটকের বিষয়টি তিনি অবগত আছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত ব্যক্তিকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
