তারেক রহমান-এর নেতৃত্বে গঠিতব্য নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে নরেন্দ্র মোদি ও শেহবাজ শরিফ-সহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদেরও আমন্ত্রণ পাঠানো হচ্ছে।
আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের বাইরে চীন, মালয়েশিয়া, ব্রুনাই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং তুরস্ক-এর শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর পক্ষ থেকে বিশ্বনেতাদের আমন্ত্রণ পাঠানো হচ্ছে। তবে আমন্ত্রণের তালিকা চূড়ান্ত করতে বিএনপির হাইকমান্ডের সঙ্গে সমন্বয় করা হয়েছে। শপথ অনুষ্ঠানের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর প্রধান বিরোধী দল হিসেবে থাকছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
