রাজধানীর কারওয়ান বাজার ও পুরান ঢাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এই দুই স্থানে আগুন লাগলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারওয়ান বাজারে কাঠপট্টি ও একটি বহুতল ভবনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টা ২৮ মিনিটের দিকে কারওয়ান বাজারের টিসিবি ভবনের পাশে অবস্থিত কাঠপট্টিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের একটি পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে পাঁচটি এবং পরে পর্যায়ক্রমে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১২টা ৩৮ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, ওই পাঁচতলা ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত একটি ডায়াপার কোম্পানির গুদাম ছিল। পাশে কাঠপট্টি ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে ফায়ার সার্ভিসের কঠোর পরিশ্রমে আশপাশের অন্যান্য ভবন ও স্থাপনা রক্ষা পেয়েছে।
এদিকে একই রাতে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে পুরান ঢাকার আগামাসি লেনের একটি সাত তলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৩৫ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় শুরুতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
ফায়ার সার্ভিসের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, দুটি ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।







