নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর চলতে পারে না। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি হবে সবার জন্য, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর করা হবে।
বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, বর্তমানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা অত্যন্ত দুর্বল। তাই প্রথম কাজ হবে এসব প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করা। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোতে প্রফেশনালিজম, স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে হবে; অন্যথায় বড় কোনো কর্মসূচিও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে, যাতে কোনো পৃষ্ঠপোষকতাভিত্তিক ব্যবস্থা না থাকে। দেশের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, যাতে সবাই অর্থনীতিতে অংশ নিতে পারে এবং উন্নয়নের সুফল পায়।
অর্থমন্ত্রী জানান, এ লক্ষ্য অর্জনে ব্যাপক ডিরেগুলেশন প্রয়োজন। তার ভাষায়, বাংলাদেশ অতিরিক্ত নিয়ন্ত্রণনির্ভর দেশে পরিণত হয়েছে। তাই অর্থনীতিতে লিবারালাইজেশন ও সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা পায়।
