বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি নিষ্ক্রিয় করা হচ্ছে। তবে পেজটি পুরোপুরি মুছে ফেলা হবে না; বাংলাদেশের একটি ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এর পূর্বের সকল পোস্ট, ছবি ও ভিডিও জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ‘Chief Adviser GOB’ পেজ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ায় পেজটির নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। ভুল বোঝাবুঝি এড়াতে প্রেস উইং থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে, পেজটি সচল থাকলেও এতে নতুন কোনো কন্টেন্ট আর আপলোড করা হবে না। তবে ঐতিহাসিক প্রয়োজনে এর সকল তথ্য সবসময় ‘অ্যাকসেসিবল’ থাকবে।
এর আগে পেজটি থেকে দেওয়া প্রথম বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছিল, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না।’ দীর্ঘ ১৮ মাস ধরে এই প্ল্যাটফর্মে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, সমর্থন ও সমালোচনার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
উল্লিখিত বার্তায় আরও বলা হয়, জনগণের সমর্থন ও সহযোগিতা এই ১৮ মাসের যাত্রাকে অত্যন্ত মূল্যবান ও সমৃদ্ধ করেছে। মূলত ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড ও ঘোষণা এই পেজের মাধ্যমে দেশবাসীকে জানানো হতো।
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার শপথ গ্রহণের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ড. ইউনূসের প্রধান উপদেষ্টার পদটি বিলুপ্ত হয় এবং এর পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়।







