আগামী ১৫ দিনের মধ্যে সারা দেশে সমন্বিতভাবে খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সাধারণ মানুষ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর যৌথ অংশগ্রহণে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হবে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, দেশের যেসব নদী খনন করা জরুরি সেগুলো পর্যায়ক্রমে খননের আওতায় আনা হবে। সেই সাথে অবৈধভাবে দখল হয়ে থাকা জলাশয়গুলো দ্রুত উদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তিনি উল্লেখ করেন, ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, তাকেই নতুন আঙ্গিকে পুনরুজ্জীবিত করা হচ্ছে।
পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, খনন কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণ কার্যক্রমও পরিচালনা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রমজানে বাজারদর নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘নতুন বাংলাদেশ’ গড়ার দিকনির্দেশনা তুলে ধরেন এবং জনভোগান্তি কমাতে পঞ্চগড়কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।







