মধ্যপ্রাচ্যের বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রবিবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই অবস্থান পরিষ্কার করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, ইরানে সাম্প্রতিক সামরিক হামলা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ মনে করে, এই যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চরমভাবে বিপন্ন হবে এবং সাধারণ বেসামরিক মানুষ চরম ক্ষতির সম্মুখীন হবে।
উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সামরিক তৎপরতা অবিলম্বে বন্ধ করে দ্রুত আলোচনার টেবিলে অর্থাৎ কূটনৈতিক পথে সমস্যা সমাধানের জোরালো আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও যোগ করেছে যে, বাংলাদেশ আশা করে এই অঞ্চলে দ্রুত শান্তি ফিরে আসবে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট পক্ষগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
