অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্বাচন প্রকৌশলের (ইলেকশন ইঞ্জিনিয়ারিং) অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি দাবি করেছেন, পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামী ও এনসিপিকে বিভিন্ন আসনে পরাজিত করা হয়েছে।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, অন্তর্বর্তী সরকার সুস্পষ্টভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। তাঁর ভাষায়, “একদম সাফ স্বীকার করা যাকে বলে, তারা পরিকল্পনা করেই জামায়াত ও এনসিপিকে অনেক আসনে হারিয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে যারা এভাবে গাদ্দারি করেছে, তাদের বিচার একদিন এ দেশেই হবে।” তাঁর মতে, এই নির্বাচন জাতির জন্য আরেকটি কলঙ্ক হয়ে থাকবে।
শিবির সভাপতি আরও দাবি করেন, জনগণের ম্যান্ডেটের প্রতি বর্তমান ব্যবস্থার আস্থা নেই। তাঁর অভিযোগ, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করে জনগণের প্রকৃত রায়কে উপেক্ষা করা হয়েছে।
তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







