দেশে নতুন সরকারের ক্ষমতায় আসার পর বিভিন্ন খাতে সংস্কার এবং অভিযান চালানোর ঘোষণা মিললেও, পাসপোর্ট অফিসে নাগরিকদের দুর্ভোগ কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। নাগরিকরা এখনও সার্ভার ডাউন, দীর্ঘ সময় অপেক্ষা ও দালালদের তৎপরতার শিকার হচ্ছেন।
রিদওয়ান ইসলাম, যিনি সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, জানান, “গতকাল দুপুরে ছবি তোলার জন্য সিরিয়াল নম্বর ১৬৩ নিয়ে অফিসে উপস্থিত হয়েছিলাম। ওয়েটিং রুমে মাত্র ১০ জনের মতো মানুষ ছিল। হঠাৎ এক আনসার সদস্য জানালেন সার্ভার ডাউন, কাজ বন্ধ। আমরা বসে থাকলাম বিকেল ৩টা পর্যন্ত, কিন্তু কোনো সমাধান মেলেনি। অফিসের সময় শেষ হওয়ায় ফিরে যেতে বাধ্য হলাম।”
তিনি আরও জানান, “রাস্তার ধারে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করার সময় এক দালাল এসে বলল, তিনি কাজটি করে দিতে পারবেন। সার্ভার ডাউন, কাজ হবে কিভাবে জানতে চাইলাম, তিনি বললেন, ‘এগুলো কোনো ব্যাপার না’। তিনি কাজের জন্য ২ হাজার টাকা চেয়েছিলেন। আগ্রহ দেখাইনি, তাই চলে গেল। আজ আবার অফিসে এলাম, সিরিয়াল ৬৮ পেলাম, আশপাশের মানুষদের সিরিয়াল ৩০ হলেও এখনও ডাক পাননি। সার্ভার কবে ঠিক হবে, কেউ জানে না।”
নাগরিকদের অভিযোগ, নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বিভিন্ন ক্ষেত্রে অভিযান চালাচ্ছেন, কিন্তু পাসপোর্ট অফিসের সংস্কার ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে এখনও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সার্ভার ডাউন এবং দালালদের দৌরাত্ম অব্যাহত থাকায় সাধারণ মানুষ বড় ভোগান্তির মুখোমুখি হচ্ছেন।
বিশ্লেষকরা বলছেন, নাগরিক সেবা ক্ষেত্রে এ ধরনের অব্যবস্থাপনা দেশের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ করছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটি শিগগিরই সমাধান করা হবে, তবে নাগরিকদের দীর্ঘ সময় অপেক্ষা এবং দালাল তৎপরতা এখনও প্রশ্নবিদ্ধ।
রিদওয়ান ইসলাম বলেন, “নতুন সরকারের হাওয়ায় কিছু পরিবর্তন আশা করি, কিন্তু পাসপোর্ট অফিসের এই দীর্ঘ অচল পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এখানে এখনও সংস্কারের বাস্তব কোনো পরিকল্পনা নেই।”







