অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্টে অবস্থিত ‘রয়েল ইভেন্ট হলে’ ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাটস (UID), ভিয়েনার উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়ান সরকারের পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দেড় হাজার অতিথি অংশ নেন।
ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাটস, ভিয়েনার প্রেসিডেন্ট মাহমুদ কোচের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টার্কিশ প্রেসিডেন্ট এরদোগানের ছেলে নেসমেদ্দিন বিলাল এরদোগান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে পার্টির ভাইস প্রেসিডেন্ট জাফের সিরাকায়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাহমুদ কোচ এবং জার্মানি থেকে আগত ইউআইডি-র কেন্দ্রীয় সভাপতি কেনান আসলান।
প্রধান অতিথি বিলাল এরদোগান তার বক্তব্যে মাহে রমজানের গুরুত্ব, শিক্ষা এবং ইউরোপে মুসলমানদের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি এরদোগান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং অনুষ্ঠানে সুমধুর কোরআন তিলাওয়াত করেন।
রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে তুর্কি ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও বসনিয়ান, অ্যারাবিয়ান, আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ান কমিউনিটির মুসলিম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল সদস্য ও এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ।
