ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির স্ত্রী মানসুরা খোজাস্তে বাঘেরজাদেহ জীবিত আছেন এবং তার মৃত্যুর খবরটি সঠিক নয়। বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, ফেব্রুয়ারি মাসের শেষে তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় আলি খামেনির সাথে তার স্ত্রীও গুরুতর আহত হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এমনকি কোনো কোনো সংবাদ সংস্থা তাকে ‘শহীদ’ হিসেবেও অভিহিত করেছিল।
তবে ফার্স নিউজ এজেন্সি এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে, মানসুরা খোজাস্তে বাঘেরজাদেহ বর্তমানে সুস্থ ও জীবিত আছেন। যুদ্ধের ডামাডোলে ছড়িয়ে পড়া ভুল তথ্য সংশোধন করতেই এই বিশেষ বার্তা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির মা হচ্ছেন মানসুরা খোজাস্তে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলায় আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার পর পুরো ইরানে ব্যাপক শোকের ছায়া নেমে আসে। সেই সময় থেকেই তার স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছিল।
ইরানের বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে এই স্পষ্টীকরণটি দেশটির জনগণের মাঝে কিছুটা স্বস্তি এনেছে। তবে বিমান হামলায় পরিবারের অন্য সদস্যদের ক্ষয়ক্ষতি নিয়ে তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
