মুসলিম বিশ্বের দেশগুলোকে আমেরিকা ও ইসরায়েলের ওপর ভরসা না করার আহ্বান জানিয়ে কড়া বার্তা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুলফজল শেকারচি। শনিবার (১৪ মার্চ) প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জেনারেল শেকারচি মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশে বলেন, আমেরিকা ও ইসরায়েলের নেতৃত্বে পরিচালিত ভণ্ডামি ও অবিশ্বাসের বিরুদ্ধে এখনই ইসলামি বিশ্বের ঐক্য গড়ে তোলা প্রয়োজন। তিনি নেতাদের আশ্বস্ত করে বলেন, “ইরান এবং এর মুসলিম জনগণের ওপর আপনারা আস্থা রাখুন।”
যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাকে “ফাঁপা শক্তি” হিসেবে অভিহিত করে তিনি বলেন, যারা নিজেদের দুর্বল হয়ে পড়া সেনাবাহিনীকেই রক্ষা করতে পারছে না, তারা অন্য কোনো মুসলিম দেশ বা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে না। তাই তাদের শক্তির ওপর ভরসা করা বুদ্ধিমানের কাজ হবে না।
মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর প্রসঙ্গ টেনে ইরানি এই মুখপাত্র দাবি করেন, যুক্তরাষ্ট্র এই রণতরী দিয়ে মুসলিম বিশ্বের মধ্যে ভীতি ছড়িয়ে তাদের সম্পদ লুট করেছিল। তবে ইরানের শক্তির মুখে সেটি কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং “ঐতিহাসিক পরাজয়” বরণ করে এই অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
তিনি আরও উল্লেখ করেন যে, মার্কিনীদের এই পিছু হটার ঘটনা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইরান মনে করে, বাইরের শক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হলে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।







