চাঁদা দাবির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।
ভুক্তভোগী ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলামের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, তিনি উজিরপুরের শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বালু ভরাট ব্যবসার কাজ করেন। সম্প্রতি ছাত্রদল নেতা মনির সরদার তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রাণের ভয়ে ওই ব্যবসায়ী প্রথমে নগদ ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা পরিশোধ করেন।
অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত বাকি টাকার জন্য গত শুক্রবার (১৩ মার্চ) মনির সরদারের নেতৃত্বে একদল লোক ওই ব্যবসায়ীর কর্মচারী আবু বক্করকে তুলে নিয়ে যায়। সেখানে তাঁকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করা হয়। আহত আবু বক্কর বর্তমানে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মনির সরদার ও তাঁর সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী মনিরুল ইসলাম। ওসি রাকিবুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
প্রসঙ্গত, ছাত্রদল নেতা মনির সরদার এর আগেও গত ফেব্রুয়ারি মাসে সেনাবাহিনীর অভিযানে আটক হয়েছিলেন। কয়েক দিন কারাবরণের পর সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
