স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তবে তা অবশ্যই আইন-কানুন, বিধি-বিধান ও সংবিধানের কাঠামোর মধ্য দিয়েই করা হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধানে সংশোধন আনা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। বর্তমানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে প্রথমে সংবিধানে সংশোধনী আনতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন, কোনো ‘সংস্কার পরিষদের’ অধিবেশন আহ্বান করেননি। তাই বর্তমান পরিস্থিতিতে সবাই সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছেন।
সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি বর্তমানে বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী এ মুহূর্তে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই। গণভোটের রায়ের ভিত্তিতে যদি এ ধরনের পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধান সংশোধন করতে হবে। সংসদে আলোচনা ও অনুমোদনের মাধ্যমে সংশোধনী পাস হলে তবেই তা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এরপর প্রয়োজন হলে পরিষদ গঠন ও সদস্যদের শপথের বিষয়টি সামনে আসবে।
