রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানানো হয়েছে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন একই সময়ে ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ০৪ মিনিটে। এর আগে বুধবার রাতে রাজধানীতে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হয়েছে, যেখানে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩১ মিলিমিটার।
