বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া সব বগি উদ্ধার শেষে প্রায় ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচলের মাধ্যমে এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এনে রাতভর কাজ চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ফেলা হয়।
এ ঘটনায় সান্তাহার স্টেশনের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হন এবং উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের দাবি, সিগন্যাল ঠিকমতো না বুঝে দ্রুতগতিতে ট্রেন চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। আতঙ্কে অনেক যাত্রী ট্রেনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের নওগাঁ জেনারেল হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
