মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করার পাশাপাশি মিথ্যা মামলা ও মামলা বাণিজ্য বন্ধে সংশ্লিষ্টদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্পষ্ট করে বলেছেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথে নিচ্ছে। এ কারণে মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামবাসী আয়োজিত “তোমাদের অর্জনে আমরা গর্বিত” শীর্ষক এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাবেক সচিব মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এমরান জাহান।
ব্যারিস্টার রুমিন ফারহানা দেশে চলমান ‘মামলা বাণিজ্য’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একটি মামলায় অসংখ্য নিরীহ মানুষকে আসামি করা হচ্ছে। মিথ্যা মামলা দায়ের করতে যেমন অর্থ লেনদেন হচ্ছে, তেমনি নাম বাদ দিতেও টাকা নেওয়া হচ্ছে। এই ধরনের অনিয়ম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো মামলা এলে তা অবশ্যই গুরুত্বের সাথে যাচাই-বাছাই করতে হবে। উদ্দেশ্যপ্রণোদিত মামলায় যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি।
গ্রেপ্তার ও জামিন প্রক্রিয়া নিয়েও কড়া সমালোচনা করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, একটি মামলায় জামিন পাওয়ার পরপরই অন্য মামলায় পুনরায় গ্রেপ্তারের ঘটনা বাড়ছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। এই প্রবণতা চলতে থাকলে তার পরিণতি শুভ হবে না বলে তিনি সতর্ক করে দেন।
সবশেষে প্রতিশোধমূলক রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন কোনো নির্দোষ ব্যক্তি অন্যায়ের শিকার না হন।







