ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র সংঘাতের মাঝে এক অদ্ভুত ও সুবিধাবাদী চুরির ঘটনা সামনে এনেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩। ইরান থেকে মিসাইল বা ড্রোন হামলার সংকেত হিসেবে যখনই দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, তখনই কিছু অসাধু লোক সেই পরিস্থিতির অপব্যবহার করছে। বিশেষ করে রেস্তোরাঁ ও শপিং মলগুলোতে এই প্রবণতা প্রকট হয়ে উঠেছে।
সংবাদে বলা হয়েছে, অনেক গ্রাহক রেস্তোরাঁয় গিয়ে আয়েশ করে খাবার খান অথবা দোকান থেকে দামি পণ্য সংগ্রহ করেন। এরপর তারা মূলত ইরানের হামলার সাইরেন বাজার অপেক্ষায় থাকেন। যখনই সাইরেন বেজে ওঠে এবং প্রাণভয়ে রেস্তোরাঁ বা দোকানের কর্মীরা দ্রুত নিকটস্থ বোমা শেল্টার বা আশ্রয় কেন্দ্রে ছুটে যান, তখন এই সুযোগসন্ধানীরা বিল পরিশোধ না করেই চম্পট দেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান প্রতিদিন দফায় দফায় মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। ফলে ইসরায়েলে কিছুক্ষণ পরপরই সাইরেন বেজে ওঠা একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এই ধারাবাহিক অস্থিরতাকে কাজে লাগিয়ে একদল লোক সুপরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লোকসানের মুখে ঠেলে দিচ্ছে।
চ্যানেল-১৩-এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের এই দুঃসময়ে এমন অনৈতিক কর্মকাণ্ড দিনে দিনে বেড়েই চলেছে। একদিকে আকাশপথে হামলার আতঙ্ক, অন্যদিকে নিজেদের নাগরিকদের এমন প্রতারণামূলক আচরণ ইসরায়েলি ব্যবসায়ীদের জন্য দ্বিমুখী সংকটের সৃষ্টি করেছে। অনেক ব্যবসায়ী এখন সাইরেন বাজার পর নিজেদের মালামাল ও হিসাবের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন।





