বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে এক শ্রমিক দল নেতার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই পোস্টে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. নুরে আলম বেপারীকে আগামী নির্বাচনে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেদারপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম অপুর ব্যক্তিগত আইডি থেকে এই পোস্টটি করা হয়।
অনুসন্ধানে দেখা গেছে, ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে করা ওই পোস্টটিতে আওয়ামী লীগ নেতা নুরে আলম বেপারীর ছবি সম্বলিত একটি ফটোকার্ড ব্যবহার করা হয়েছে। সেখানে ২ নম্বর কেদারপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে পুনরায় প্রার্থী হিসেবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়। একজন পদধারী বিএনপি নেতার পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতার জন্য এমন প্রচারণা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা শ্রমিক দলের শীর্ষ নেতারা। বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিন্টু জানিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ড জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থী। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেনও একে দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।
বিতর্কিত এই ফেসবুক পোস্টের বিষয়ে বক্তব্য জানতে জাহিদুল ইসলাম অপুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা দ্রুত এই ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন। বর্তমানে বিষয়টি নিয়ে কেদারপুর ইউনিয়নে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।
