দেশব্যাপী একযোগে ১১ জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যেখানে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত একাধিক কর্মকর্তাকে নতুন করে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাতকে খুলনা এবং অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুরে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জিএম সরফরাজকে হবিগঞ্জ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদীতে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব পদমর্যাদার কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
