সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মিজানুর রহমান শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। কাতার থেকে দেশে ফেরার পর রাজধানীর একটি স্থান থেকে তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নেয়।
দীর্ঘদিন ধরে দেশের বাইরে পলাতক থাকার পর সম্প্রতি তিনি বাংলাদেশে ফিরে আসেন। জানা গেছে, জার্মান দূতাবাসে ভিসার সাক্ষাৎকারে অংশ নিতেই তিনি কাতার থেকে দেশে ফেরার ঝুঁকি নিয়েছিলেন।
মিজানুর রহমান শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি প্রভাব খাটিয়ে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।
গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শাহীনের গ্রেপ্তারের মধ্য দিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আর্থিক লেনদেন ও অনিয়ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।







