মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে লেখক মেজর (অব.) আখতারুজ্জামান বইটির প্রেক্ষাপট, উদ্দেশ্য ও মূল বিষয়বস্তু উপস্থিত অতিথিদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এই বইটি পাঠকদের নতুন করে ভাবাবে। একটি আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যেই তিনি তাঁর লেখনীতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান ও মাওলানা আ ন ম সামছুল ইসলাম। এ ছাড়া সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ এবং নির্বাহী পরিষদের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা তাঁদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন যে, বইটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে। তাঁরা মনে করেন, ‘আগামী বাংলাদেশ’ পাঠের মাধ্যমে পাঠকরা নিজেদের সমৃদ্ধ করতে পারবেন এবং দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বইটির বহুল প্রচার ও সাফল্য কামনা করেন।
