ঢাকার ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখতে এলাকাভিত্তিক তালিকা তৈরি করে হকারদের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক একটি পাইলট প্রকল্পের উদ্বোধনকালে প্রশাসক মো. আবদুস সালাম এই ঘোষণা দেন।
প্রশাসক জানান, ফুটপাতে কেউ ব্যবসা করতে চাইলে তাকে অবশ্যই সিটি করপোরেশন থেকে অনুমতি নিতে হবে এবং আইনি প্রক্রিয়ায় লাইসেন্স সংগ্রহ করতে হবে। বর্তমানে পুলিশের সহায়তায় হকারদের তালিকা তৈরির কাজ চলছে। এই তালিকা সম্পন্ন হলে নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার অনুমতি দেওয়া হবে যাতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে।
সিটি করপোরেশন কাউকে উচ্ছেদ নয় বরং শৃঙ্খলার মধ্যে পুনর্বাসন করতে চায় বলে জানান মো. আবদুস সালাম। এরই অংশ হিসেবে ভবিষ্যতে ‘হলিডে মার্কেট’ এবং ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনাও রয়েছে সংস্থাটির। এছাড়া একটি নির্দিষ্ট গাইডলাইন মেনে দোকান বসানোর সুযোগ দেওয়া হবে যাতে অল্প জায়গায় অতিরিক্ত জটলা তৈরি না হয়।
শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতো রোগ ছড়ানোর আগেই সবার নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। ঢাকাকে একটি নান্দনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে জনগণ ও সিটি করপোরেশনকে যৌথভাবে কাজ করার অনুরোধ জানান তিনি।
