বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসা ও ফিজিওথেরাপির জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (১৩ এপ্রিল) তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। মূলত শরীরের কার্যক্ষমতা ফিরে পেতে এবং উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার (রিহ্যাবিলিটেশন) প্রয়োজনেই তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত কেন্দ্রে নেওয়া হয়েছে।
এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার শেষে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
দীর্ঘদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর এখন তিনি পরবর্তী ধাপের চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
