বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে রাবার ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ আলম মাসুমসহ একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুস সবুর বাবুল বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হামলায় মো. ওমর ফারুক নামে এক তরুণ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহত ফারুক স্থানীয় ব্যবসায়ী আব্দুস সবুর বাবুলের বড় ছেলে। অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা কোরবান আলী, মনির হোসেন মজলু, মো. লিটন ও রফিকুল ইসলাম।
ভুক্তভোগী বাবুল জানান, তার ছেলেরা প্রবাসে থাকায় বড় ছেলে ওমর ফারুক দেশে রাবার ব্যবসা দেখাশোনা করেন। দীর্ঘদিন ধরে একটি চক্র তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল এবং চাপের মুখে আগে কিছু টাকা দিতেও বাধ্য হন তারা। সম্প্রতি আবারও চাঁদা দাবি করা হলে এ নিয়ে বৈঠকের কথা বলে ফারুককে ডেকে নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, বৈঠকের একপর্যায়ে অভিযুক্তরা ফারুকের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। হামলাকারীরা এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।







