চট্টগ্রামের পটিয়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কুপিয়ে জখম করা এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আবুল কাশেম (৫৫) পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকায়। গত বুধবার হামলার ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি মারা যান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আবুল কাশেমের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিরোধীয় জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এ সময় আবুল কাশেম বাধা দিলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে আবুল কাশেম, তাঁর ভাই আবুল কালাম (৫০) ও আবু মুসাকে (৪৭) কুপিয়ে জখম করে। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে আবুল কালামের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতের ভাই আবুল মনসুর অভিযোগ করেন, ইকবাল হোসেন নামের এক প্রতিবেশী কয়েকজন সহযোগী নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালান। তিনি জানান, আবুল কাশেমের মাথায় ধারালো কিরিচ দিয়ে আঘাত করা হয়, যা তাঁর মৃত্যুর প্রধান কারণ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানিয়েছেন, এ ঘটনায় রোববার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইকবাল হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তিনি বলেন, ভুক্তভোগীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
