পাকিস্তানের অর্থনীতিতে বড় ধরনের সম্ভাবনা তৈরি করছে গোয়াদর বন্দর। সংশ্লিষ্টরা বলছেন, এই বন্দর চালু ও পূর্ণ সক্ষমতায় পরিচালিত হলে বছরে ১৮ থেকে ২৫ বিলিয়ন ডলার আয় করতে পারে দেশটি।
গোয়াদর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর-উল-হক বালোচ জানান, কৌশলগত অবস্থান ও অবকাঠামোগত উন্নয়নের কারণে বন্দরটি দ্রুত আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় গোয়াদর বন্দর আন্তর্জাতিক বাণিজ্য রুটে বড় ভূমিকা রাখতে সক্ষম। এ কারণে ভবিষ্যতে এটি দুবাই ও কলম্বোর মতো প্রতিষ্ঠিত বন্দরগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
বিশেষজ্ঞদের মতে, যথাযথ বিনিয়োগ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে গোয়াদর বন্দর আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠবে এবং পাকিস্তানের অর্থনীতিতে নতুন গতি আনবে।
