ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন করে বিদেশে অবস্থান এবং ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্তদের তালিকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালসহ বেশ কয়েকজন শিক্ষক রয়েছেন। যথাযথ অনুমোদন ছাড়াই বিদেশে অবস্থান করেও তারা নিয়মিত বেতন-ভাতা ও চাকরিসংশ্লিষ্ট সব ধরনের সরকারি সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযুক্ত শিক্ষকদের অনেকেই জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের আন্দোলনের প্রকাশ্য বিরোধিতা করায় বিতর্কিত এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তের আওতায় রয়েছেন। সরকারি ও বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী বিদেশে অবস্থানের ক্ষেত্রে অনাপত্তিপত্র (এনওসি) বা যথাযথ অনুমোদনের বাধ্যবাধকতা থাকলেও এসব ক্ষেত্রে তা মানা হয়নি, যা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে।
বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং নীল দলের একাধিক সূত্র জানিয়েছে, সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল সম্প্রতি ভারতে পাড়ি জমিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ১০ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করলেও শিক্ষক হিসেবে বহাল ছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিল মাসে তিনি এক বছরের গবেষণা ও অধ্যয়ন ছুটি নেন, যার মেয়াদ চলতি বছরের এপ্রিলে শেষ হয়েছে। কিন্তু ছুটি শেষ হওয়ার পরও তিনি কর্মস্থলে ফেরেননি।
ইতোমধ্যে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলার উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগে অধ্যাপক মাকসুদ কামালসহ নয়জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আমলে নেওয়া হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে। বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক বিএম রাব্বি হোসাইন জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই মাকসুদ কামাল বিভাগে অনুপস্থিত এবং তিনি কোথায় আছেন বা কবে যোগ দেবেন, সে বিষয়ে বিভাগের কাছে কোনো তথ্য নেই।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক দম্পতি আজহার উদ্দিন ভূঁইয়া ও শাহরিমা তানজিন অর্নির বিরুদ্ধেও অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করে চাকরির সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। নীল দলের রাজনীতিতে সক্রিয় এই দম্পতি জুলাই বিপ্লবের বিরোধিতা করায় বিভাগের ১২০ জনের বেশি শিক্ষার্থী স্বাক্ষর দিয়ে তাঁদের অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছিলেন। এ ছাড়া রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত শিক্ষকদের তালিকা নিয়ে গঠিত তদন্ত কমিটির তালিকায়ও তাঁদের নাম রয়েছে।
তবে ওই শিক্ষক দম্পতি সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা না বলে তৃতীয় এক ব্যক্তির মাধ্যমে দাবি করেছেন যে, ক্যামব্রিজ থেকে পড়াশোনা করা এই দুই শিক্ষক একাডেমিকভাবে অত্যন্ত যোগ্য এবং জুলাই-পরবর্তী সময়ে তাঁদের চাকরির অধিকার থেকে নানাভাবে বঞ্চিত করা হচ্ছে।
একইভাবে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমানের বিরুদ্ধেও অনুমোদিত ছুটির বাইরে অস্ট্রেলিয়ায় অবস্থানের অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় তিনি আগেই বিভাগে অবাঞ্ছিত হয়েছিলেন এবং তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞাও ছিল। তা সত্ত্বেও মায়ের সঙ্গে ওমরা পালনের কথা বলে ১২ দিনের ছুটি নিয়ে তিনি প্রথমে সৌদি আরব এবং সেখান থেকে নাগরিকত্ব থাকায় অস্ট্রেলিয়ায় চলে যান।
গত ২ সেপ্টেম্বর তাঁর ১২ দিনের ছুটির মেয়াদ শেষ হলেও তিনি দেশে ফেরেননি। পরবর্তীতে আরও দুই মাসের ছুটির আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নামঞ্জুর করে। এ বিষয়ে অধ্যাপক মুশফিকুর রহমান ছুটি মঞ্জুর না হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল আমিন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে চাকরিবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে সিন্ডিকেট থেকে স্থায়ী বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত আসতে পারে।
সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম জানিয়েছেন, অনুমতি ছাড়া কারা বিদেশে অবস্থান করছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তাঁর কাছে না থাকলেও বিষয়টি তিনি শুনেছেন। তথ্যগুলো খতিয়ে দেখে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠানো হবে এবং নিয়ম ভঙ্গ করে কাউকে অবৈধভাবে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে দেওয়া হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন।
