রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে এ কম্পন টের পান মানুষ।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। স্থানীয় সময় ভোরে আঘাত হানা এ কম্পনের উৎপত্তিস্থল ছিল সাগাইং অঞ্চল-এর হোমালিন এলাকা, যা মণিপুর সীমান্তের কাছাকাছি অবস্থিত।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। গভীরতায় বেশি হওয়ায় এর প্রভাব কিছুটা কমে যায়, ফলে মাঝারি মাত্রার হলেও ভূপৃষ্ঠে তুলনামূলক হালকা কম্পন অনুভূত হয়েছে।
এদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভারতের মণিপুর অঞ্চলে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল কামজং এলাকায়।
