মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো হামলা মোকাবিলায় দেশটি সামরিকভাবে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আল জাজিরার প্রতিনিধি আলী হাশেম তেহরান থেকে জানান, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও আত্মসমর্পণ না করার বিষয়ে ইরান আগেই তাদের অবস্থান পরিষ্কার করেছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বিবৃতিতে বলেন, দেশটি কোনোভাবেই নতি স্বীকার করবে না এবং চাপের মুখে কোনো আলোচনায় অংশ নেবে না। তিনি আরও সতর্ক করে বলেন, যুদ্ধ শুরু হলে ইরান ‘বিস্ময়কর’ সামরিক সক্ষমতা প্রদর্শন করবে।
দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড ‘খাতাম আল-আনবিয়া সদর দপ্তর’ জানিয়েছে, সম্ভাব্য যেকোনো আক্রমণ প্রতিহত করতে তারা পূর্ণ প্রস্তুত রয়েছে।
এদিকে, ইরানের বিচার বিভাগসহ বিভিন্ন সরকারি সূত্র আশঙ্কা প্রকাশ করেছে যে, দেশটির ওপর বড় ধরনের হামলার ঝুঁকি রয়েছে।
ইরানি কর্মকর্তারা জনগণকে সতর্ক করে বলেছেন, অবরুদ্ধ অবস্থায় আলোচনায় না বসা এবং আত্মসমর্পণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্তের ফলে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। তেহরান মূলত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়ার পরিবর্তে প্রতিরোধের পথকেই অগ্রাধিকার দিচ্ছে।
সূত্র: আল-জাজিরা
